মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু পুলিশ প্রশাসনের পক্ষে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা এলাকায় ‘আলোর দিশারী যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত সামাজিক জনসচেতনতা, মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, তারেক রহমানের ‘দ্বিতীয় বিপ্লবের’ অংশ হিসেবে এবং তার নির্দেশনায় মাদককে ‘না’ বলা ও খেলার মাঠ সচল করার শপথ এখান থেকেই নিতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকায় কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে এবং তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পরামর্শ দেন।
কৃষকদের প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে কৃষকদের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার কৃষকদের কৃষি কার্ড দেওয়া শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
‘আলোর দিশারী যুব সংঘ’-এর সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুব আলী, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস আর আনসারী বিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, জেলা শ্রমিক দলের নেতা মাহিদুল ইসলাম মাহিদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফ কামাল আরিফ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।