রাজধানীর স্বয়ংক্রিয় এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে চলাচলের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির ছবি ও ভিডিওর সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে এক মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আনিছুর রহমান বলেন, গত ১৯ মে এক মোটরসাইকেল চালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। বিষয়টি সামনে আসার পর পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ এ ধরনের প্রতারণামূলক কৌশল ছড়িয়ে পড়লে অন্যরাও তা অনুসরণ করতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়। ছবিতে চালকের মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় তাকে শনাক্ত সহজ ছিল না। রাজধানীর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেলগুলো খুঁজে বের করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার নাম লাভলু হক (৩৮)। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।
ট্রাফিক আইন ভঙ্গ করলে কঠোর আইন প্রয়োগ করার ঘোষণা দিয়ে আনিছুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছেন। আদালত তাকে এক মাসের কারাদ-ের পাশাপাশি অর্থদন্ডও দিয়েছে। তবে ডিএমপির উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, তাদের মূল লক্ষ্য মানুষকে সচেতন করা।