ঘরে ঢুকে প্রবাসীকে গুলি ছেলেকে কুপিয়ে জখম

ব্যবসায়িক বিরোধের জেরে মুন্সীগঞ্জে বসতঘরে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রবাসী রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার ছেলে দিহান ইসলামকেও কুপিয়ে জখম করা হয়। রফিককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও ছেলে দিহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রবাসী মো. রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব একই গ্রামের খালেক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রবাসী রফিকুল ও রাকিবের মধ্যে সৌদি আরবে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তারা দেশে ফিরলে সেটি প্রকট আকার ধারণ করে। এর জেরে সোমবার গভীর রাতে বসতঘরে ঢুকে রফিককে গুলি করা হয়। রফিকের স্ত্রী সঙ্গিতা বেগম জানান, রাতে পরিবারের সবাই ঘরে ঘুমিয়ে ছিলেন। এ অবস্থায় দরজা ভেঙে দুজন ঘরে ঢুকেই তার স্বামীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তার স্বামীর বুকসহ একাধিক স্থানে গুলি লাগে। একপর্যায়ে তার ছোট ছেলেকে ধারালো চাপাতি দ্বারা কোপায়। এ সময় বাইরে দুজন পাহারায় ছিল। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। তার ১২ বছরের শিশুর শরীরের বিভিন্ন অংশে জখম থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজারচর গ্রামে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করা হয়। অন্যদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান বলেন, সৌদি আরবে দুই প্রবাসীর ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।