আলোকচিত্রী কবির ও তার ভাইকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন (৪৫) ও তার ছোট ভাই বাউলশিল্পী তকবির হোসেনকে (৪৪) কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজদীখান উপজেলার দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য লতব্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাদবরকে দোষারোপ করা হয়েছে। গুরুতর জখম কবির ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার দোসরপাড়া টেকেরহাট বটতলায় পদ্মহেম ধাম নামে লালন শাহের আখড়া পরিচালনা করে আসছিলেন কবির। জুলাই আন্দোলনের পর ওই আখড়া ও পাশের জমি দখল করে নিতে মরিয়া হয়ে ওঠে বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবর। এ নিয়ে কবিরের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মহেম ধামের সীমানাপ্রাচীর নির্মাণকাজ তদারকি করছিলেন কবির। এ সময় ওই জাহাঙ্গীর মাদবর, তার ছেলে তৌহিদ মাদবর, জাহেদ মাদবর, আলাউদ্দিন মাদবর, শাহরিয়ার মাদবর, সংগ্রাম, সাহিল ও আহম্মদ মাদবরসহ কয়েকজন সেখানে অতর্কিতে হামলা চালায়। তারা কবিরের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কবিরকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই তকবিরকেও কোপানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন কবির জানান, ৫ আগস্টের পর বিএনপি নেতা জাহাঙ্গীর লালনের আখড়া দখলের চেষ্টা করছে। আখড়ায় এসে মাদক সেবন, দর্শনার্থীদের হয়রানি করত। আখড়াটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, দলের নাম ব্যবহার করে কোনো অপরাধীই রেহাই পাবে না। আমরা থানায় গিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছি। সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত জাহাঙ্গীর মাদবরকে আটক করা হয়েছে।