সাইক্লিং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। প্রতিদিন কেন সাইকেল চালাবেন সেটা জানাও জরুরি
সাইক্লিং প্রথমত কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায়। হৃদস্পন্দন বাড়ায়, ফুসফুসের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত সাইক্লিং করলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের মতো ঝুঁকি কমায়। প্রতিদিন অল্প সময় সাইকেল চালানোর অভ্যাস থাকলে দীর্ঘমেয়াদে হার্টকে শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে।
যখন আপনি সাইকেল চালাবেন তখন শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করবে। বিশেষ করে উরু, পায়ের পেছনের অংশ, কাফ মাসল এবং নিতম্বের পেশি সক্রিয় করবে। ফলে ধীরে ধীরে পেশির শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি শরীরের নমনীয় ভাব বজায় থাকবে । সবচেয়ে বড় সুবিধা এক ধরনের লো-ইমপ্যাক্ট ব্যায়াম, অর্থাৎ হাঁটু বা অন্যান্য জয়েন্টে অতিরিক্ত চাপও সৃষ্টি করে না। তাই সব বয়সের জন্য উপযোগী। এছাড়া ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাইকেল খুব কার্যকর। শরীরের অতিরিক্ত ক্যালোরি পোড়াতেও সাহায্য করে। নিয়মিত সাইক্লিংয়ের সঙ্গে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো সম্ভব। শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজমও উন্নত হয়, যা দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
সাইকেল চালানো শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও উপকারী। শারীরিক পরিশ্রমের ফলে শরীরে এন্ডরফিন নামক ‘হ্যাপি হরমোন’ নিসরন হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত সাইক্লিং-এর অভ্যাস স্ট্রেস, উদ্বেগ এবং হতাশা কমাতে কার্যকর ভূমিকা রাখে।