সংগীতশিল্পী ও সুরকার প্রত্যয় খানের অভিনয় জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে ছোট পর্দায়। আগামী ৭ জানুয়ারি থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘এই শহর এই পরিবার’। সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে প্রত্যয়ের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও জারা নূর।
নাটকটিতে ‘অপু’ চরিত্রে দেখা যাবে প্রত্যয়কে। বেশ কয়েক মাস অপেক্ষার পর নাটকটি অন-এয়ারে আসায় উচ্ছ্বসিত এই শিল্পী। শৈশবে একটি নাটকে অভিনয় করলেও পরিণত বয়সে এটিই তার প্রথম কাজ। অভিনয়ের পাশাপাশি নাটকটির আবহসংগীত ও অডিও প্রোডাকশনের পুরো কাজও করেছেন প্রত্যয় নিজেই। এছাড়া শফিক তুহিনের কথায় নাটকটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল।
পারিবারিক আবহের এই নাটকে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।