বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহের পাশাপাশি দেশের জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মধ্য এশিয়ার জ্বালানিসমৃদ্ধ দেশ আজারবাইজান। দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে।
বুধবার আজারবাইজান সফররত বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে দেশটির জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভের বৈঠকে এই আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা, এলএনজি সরবরাহ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আজারবাইজানের প্রভাবশালী সংবাদমাধ্যম ক্যালিবার ডট এজেড জানিয়েছে, বৈঠকের পর জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভ তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশকে নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার হিসেবে উল্লেখ করেন। ওই পোস্টে তিনি জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশে এলএনজি ও অন্যান্য জ্বালানি পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে দুই পক্ষ ইতিবাচক আলোচনা করেছে।
এ আলোচনার মধ্য দিয়ে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ‘সকার’-স্টেট অয়েল কোম্পানি অব আজারবাইজান রিপাবলিক-বাংলাদেশের জ্বালানি বাজারে সরাসরি কার্যক্রম ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বাংলাদেশ নতুন উৎস থেকে জ্বালানি আমদানির যে কৌশল নিয়েছে, আজারবাইজানের আগ্রহ সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে।