বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। তার কন্যা মানসুরা রহমতুল্লাহ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। রহমতুল্লাহ তিন মেয়ে ও দুই ছেলের বাবা।

একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েও জাতীয় সংসদ ভবনে জানাজা হয়নি রহমতুল্লাহর। পাননি মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার মর্যাদাও।

বেরাইদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাজেদুল হক সুজন দেশ রূপান্তরকে বলেন, মুক্তিযোদ্ধা রহমতুল্লাহকে গতকাল বিকেল সাড়ে ৫টায় বেরাইদ কবরস্থানে মা-বাবাসহ পূর্বপুরুষদের সঙ্গে দাফন করা হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বেরাইদ রহমতুল্লাহ স্টেডিয়াম, বেরাইদ বড় মসজিদ মাঠ, বেরাইদ খেলার মাঠে মাইকের মাধ্যমে সংযোগ রেখে একযোগে জানাজা পড়া হয়।  হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ একসময়ে জাতীয় পার্টির রাজনীতি করেছেন। সর্বশেষ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন এবং উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পাঁচবারের এ সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।