নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে গতকাল রবিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট লিখিত পরীক্ষা নেওয়ার পর বিষয়টি ধরা পড়লে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
রবিবার সকালে মানবিক বিভাগের ইতিহাস প্রথমপত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে এ বিষয়ে ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল ৪৭৯ জন অংশ নিয়েছেন।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর পর প্রথমে তারা ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি বুঝতে পারেননি। পৌনে দুই ঘণ্টা পর বুঝতে পেরে স্যারকে জানালে তারা সেটি পরিবর্তন করে দেন। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র পরিবর্তন করে দিলেও প্রথমে তাদের অতিরিক্ত সময় দিতে চায়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর ভুল স্বীকার করেননি। তিনি বলেন, আমরা সঠিক প্রশ্ন দিয়েই পরীক্ষা নিয়েছি। একাধিক শিক্ষার্থীর অভিযোগের কথা জানানো হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে তা বন্ধ করে রাখেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন, এই বিষয় নিয়ে ইউএনও অফিসে মিটিং করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সব রুমে এ ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।