নরসিংদীতে নারী শ্রমিককে ধর্ষণের পর হুমকি, মামলা

নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে টেক্সটাইল মিলের এক নারী শ্রমিককে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহাবুব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর গতকাল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে মাধবদী থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার মাহাবুব মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেল এবং পলাতক মোশাররফ মিয়া একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপাড়ার চৈতাব এলাকার বান্দব টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন ওই কিশোরী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেক্সটাইল মিল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পৌলানপুর এলাকার বাসিন্দা মোশাররফ কথা আছে বলে তাকে পাশের মাহাবুবদের বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফ ও মাহাবুব তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে সুযোগ বুঝে মোশাররফ পালিয়ে গেলেও মাহাবুবকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে গতকাল মাধবদী থানায় মামলা করেন।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, ধর্ষণের পর তারা হুমকি দিয়ে বলে সব ভিডিও করা আছে, কাউকে কিছু বললে সব ভাইরাল করে দিবে। স্থানীয়রা জানান, মোশারফ ও মাহাবুব এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত। তাদের একটি চক্র নেশার টাকা জোগাড় করার জন্য রাতে এলাকায় ছিনতাই ও চুরি করে বেড়ায়। বাবুরহাট বাজারে কেনাকাটা করতে এসে ভোরে ব্যবসায়ীরা এই এলাকায় নামলে এই চক্রের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়। এর পাশাপাশি তারা বিভিন্ন ফ্যাক্টরির মালামাল চুরির সঙ্গেও জড়িত।

এ ব্যাপারে জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযুক্ত মাহাবুবকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আরেক অভিযুক্ত মোশাররফকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।