সিএনজি ফিলিং স্টেশন

কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে ধর্মঘট

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ এএম

কমিশন বাড়ানোর দাবিতে আগামী ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্টেশন মালিকরা। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করাসহ চার দফা দাবি আদায়ে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। দাবি না মানলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে স্টেশন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার ঢাকার বিজয়নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী ১৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। এর মধ্যে দাবি না মানলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকাই বহাল রয়েছে। গত প্রায় ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, বিদ্যুতের দাম বৃদ্ধিসহ বিভিন্ন পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চার দফা দাবির মধ্যে রয়েছে প্রতি ঘনমিটারে কমিশন ১৩ টাকা ৯৬ পয়সায় উন্নীত করা, গ্যাসের মূল্য বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করা, গ্যাসের দাম বৃদ্ধির কারণে পুরনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায় বন্ধ করা এবং সরকারি লাইসেন্স, নবায়ন ও সংযোগ সড়কের ইজারা ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত