শিশু রামিসা হত্যাকান্ড

বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করতে আসামির বিভ্রান্তিকর বক্তব্য

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে চার্জশিটভুক্ত আসামির বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পর্যন্ত পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেখানে ঈদ ঘিরে ডিএমপি কর্তৃক জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত কার্যক্রম, অর্জিত সাফল্য ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আসামি অন্য ব্যক্তির নাম বলেছেন, এটি বিচারপ্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য আসামি হয়তো কৌশলের আশ্রয় নিয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারও জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।