দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে হাজিদের ১৫০টি লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদসহ অন্যরা।
লাগেজ চুরির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘তদন্তে বিমানবন্দরে কোনো ধরনের চুরি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি’। চার দিন আগে যেসব হাজি হজ থেকে ফিরেছেন, তাদের লাগেজ বিষয়ে ফেসবুকে দেওয়া পোস্টটি প্রধানমন্ত্রীকে ট্যাগ করা হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তদন্ত করার নির্দেশ দেন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়। যেটা আপনাদের সহযোগিতায় আমরা সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ জানতে পারি। শাহজালাল বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিস হ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।