৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সিটি প্রশাসক আব্দুস সালাম। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ওয়ারীতে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। তাই বাড়ির উঠান, ছাদ, ফুলের টবে যাতে পানি না জমে সেদিকে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।’

বাড়ি এবং আশপাশের আঙ্গিনা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে অনেক সচেতন। শুধু তাই নয়, খেলার মাঠ থেকে শুরু করে সার্বিক বিষয়ে দেখভাল করছেন তিনি।’ এলাকার পরিবেশ সুন্দর রাখতে হলে অবশ্যই সবাইকে আগে সচেতন হতে হবে। এ সময় তিনি বলেন, ‘জনগণের সমর্থনে যদি মেয়র নির্বাচিত হই তাহলে নগরের শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা হবে।’