সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে সেই প্রক্রিয়া ব্যাহত করার উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। রাজনীতি ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনি সংকেত। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তার বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে দেশের রাজনীতি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চরিত্র হননের অপচেষ্টা এবং সমাজের কাছে তাদের নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এমন ভাষা ব্যবহার করছে। এই প্রবণতা রাজনীতির স্বাভাবিক বিকাশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের দায়িত্ব হবে দ্রুত এসব ষড়যন্ত্র চিহ্নিত করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা।