ঈদের পশুহাটে

বাবার সাথে গেল খোকা

ঈদের পশুহাটে

নানান রকম পশু দেখে

খোকার সময় কাটে।

 

নানান রঙের নানান পশু

নানান রকম শিং

কারও গলায় ঘণ্টা বাজে

টুংটাং টিংটিং।

 

টুকটুকে লাল একটা গরু

শিং দুটো তার বাঁকা

খুব সুন্দর দেখতে যেন

রং-তুলিতে আঁকা।

 

এমন গরু দেখে খোকার

জুড়ায় দুই নয়ন

সেই গরুটা দেখে বাবারও

ভরে ওঠে মন।

 

লাল গরুটা কিনে নিয়ে

ফিরল বাড়ি শেষে

ফিরল বাড়ি বাবা-ছেলে

খুশির নায়ে ভেসে।