প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয়

রাম চরণের নতুন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘পেড্ডি’ বক্স অফিসে রাজকীয় সূচনা করেছে। মুক্তির প্রথম দিনেই বিশ^ব্যাপী ১৩৫ দশমিক ৩৬ কোটি রুপি গ্রস কালেকশন করে রেকর্ড গড়েছে সিনেমাটি। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও দর্শকদের মাঝে ‘পেড্ডি’ নিয়ে উন্মাদনা তুঙ্গে, যা প্রথম দিনের কালেকশনেই স্পষ্ট।

‘আরআরআর’-এর আকাশচুম্বী সাফল্যের পর অনেকেই ধারণা করেছিলেন, রাম চরণ হয়তো হলিউড বা বড় কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজির পেছনে ছুটবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে এই মেগাস্টার বেছে নিয়েছেন নিজের মাটির গল্প। বুচি বাবু সানা পরিচালিত এই ‘রুটেন রুরাল স্পোর্টস ড্রামা’ মূলত গ্রামীণ সংস্কৃতি, লড়াকু জীবন এবং শ্রেণি-বাস্তবতার এক নিখুঁত কোলাজ।

সিনেমার প্রথম ঝলক থেকেই রাম চরণের চেনা রাজকীয় অবয়ব উধাও। সেখানে দেখা গেছে, উসকোখুসকো চুল, কাদা-মাটি মাখা শরীর আর খেটে খাওয়া মানুষের ক্লান্তি। নিজের গ্ল্যামার ভেঙে এমন রুক্ষ ও চ্যালেঞ্জিং চরিত্রে চরণের রূপান্তরকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় বলে অভিহিত করছেন দর্শকরা। জাহ্নবী কাপুর অভিনীত এবং বৃদ্ধি সিনেমাস প্রযোজিত এই ছবিটি বক্স অফিসে আগামী দিনগুলোতে আরও বড় রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে।