সেই ছোটবেলা থেকেই নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করা মেহবুবা মাহনূর চাঁদনী একসময় ব্যস্ত হয়ে পড়েন অভিনয়ে। কিন্তু অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত এই শিল্পী। তবে এবারের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে দেখা গেছে তাকে। চাঁদনীর সঙ্গে কথা বলে জানা গেল, অভিনয়ে তার ফেরার ইচ্ছে থাকলেও কেউ তাকে নিচ্ছেন না। অনেকটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময়ই কাজ করতে চাই। কিন্তু কথা হলো, ‘আমাকে ডাকতে হবে তো! এখন নতুনদের মতো আমার তো প্রোডাকশন হাউজে গিয়ে বসে থাকা যাবে না। মানুষের কাছে বলে বলে কাজ নেওয়া যাবে না।’
এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক আগে থেকেই বলে আসছি, গল্পে মামা, চাচা, ফুফু, দাদাদের চরিত্রের গুরুত্ব দিতে হবে। কেউ এতদিন মাথায় নেয়নি। এখন দেখলাম দীপা খন্দকারকে কেন্দ্র করে নাটক হচ্ছে। তার করা ফুফুর একটি চরিত্র এখন মানুষের মুখে মুখে। এখন পারিবারিক গল্পের নাটক দর্শক বেশ দেখছে। আমার মনে হয় শিগগিরই আমি ডাক পাব। প্রত্যেক বয়সের একটা সৌন্দর্য আছে। আমাকে বড় বোন, ভাবির চরিত্রে ডাকলে ক্যামেরার সামনে দাঁড়াব। শর্ত একটাইÑ চরিত্রটা গুরুত্বপূর্ণ হতে হবে।’
সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া তার অভিনীত নাটক ‘দুই বিয়ে’ নিয়ে চাঁদনী জানান, নাটকটি করোনার আগেই নির্মিত হয়েছিল এবং তখন এর নাম ছিল ‘শূন্যতায় পূর্ণতা’। প্রথম প্রচারের সময়ও নাটকটি আলোচিত হয়েছিল। দীর্ঘদিন পর ইউটিউবে নতুন নামে প্রকাশিত হয়ে এক সপ্তাহে প্রায় ১০ লাখ ভিউ পেয়েছে, যা পুরনো একটি নাটকের জন্য ইতিবাচক বলেই মনে করেন তিনি।
নৃত্যচর্চা প্রসঙ্গে চাঁদনী বলেন, বর্তমানে টেলিভিশনে নাচের অনুষ্ঠান খুব কম হয়। তাই তিনি একটি স্কুলে নৃত্যের শিক্ষকতা করছেন এবং বাসায়ও শিশুদের নাচ শেখাচ্ছেন।