স্পেনের জয়ে শোবিজ তারকাদের উচ্ছ্বাস

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩৭ এএম

শেষ হয়ে গেল টানা ৪৮ দিনের উল্লাস-উদ্দীপনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর পাশাপাশি উল্লাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। লিখেছেন জাহাঙ্গীর বিপ্লব

খেলার সমাপনী ম্যাচের শেষ বাঁশি বাজতেই সোশ্যাল মিডিয়ায় স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই চিত্রনায়ক শাকিব খান। স্পেনের জয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সুপারস্টার লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’ চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এই শিরোপার যোগ্য। ফিফা বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন।’ স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নি®প্রভ। যদিও  শুরুতে আমি ব্রাজিলের ভক্ত ছিলাম। দলটি হেরে যাওয়ায় স্পেনকে বেছে নিয়েছি।’

আর্জেন্টিনার সমর্থক চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, ‘অভিনন্দন স্পেন। ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। শুভ কামনা আর্জেন্টিনা, পরবর্তী বিশ্বকাপের জন্য। আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। ভালোবেসেছিলাম ম্যারাডোনার জন্য আর্জেন্টিনাকে। সারা জীবন ভালোবেসে পাশে আছি।’

স্পেনকে অভিনন্দন জানিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি একটি দলেকে ব্যঙ্গ করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যেকোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।’

নিজের প্রিয় দল স্পেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক ভিডিও বার্তায় দিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। সেখানে তিনি বলেছেন, ‘ওয়েল প্লেড আর্জেন্টিনা! আসলে এই কথাটা আমি বলতে পারছি না। কারণ তারা ভালো খেলেনি।’ স্পেনের প্রশংসা করে সিয়াম বলেন, ‘যে দলটির জেতা উচিত ছিল, শেষ পর্যন্ত তারাই জিতেছে স্পেন!’ এরপর স্পেনের প্রতি একটি উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

স্পেনের এই শিরোপা জয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের কালজয়ী সংলাপের সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তার মন্তব্য, ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই! ফিফা কিনে নেওয়ার কথা যারা বলেছিলেন! অভিনন্দন স্পেন, চমৎকার খেলা ছিল আপনাদের।’

এদিকে , কণ্ঠশিল্পী মনির খান আর্জেন্টিনার সমর্থক হলেও ফাইনালে স্পেনের খেলা ভালো লেগেছে তার। স্পেনের জন্য শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন ‘২০২২ বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপে মেসি আরও ভয়ংকর ও কার্যকর ছিলেন। ব্যক্তিগত পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট, সুযোগ সৃষ্টি এবং পুরো দলের খেলায় প্রভাব সবকিছু বিবেচনায় এটি মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ। তবে গোল্ডেন বল না পাওয়ায় তার কোনো আক্ষেপ নেই। কারণ, আগের দুটি বিশ্বকাপে মেসি এই সম্মান অর্জন করেছেন। অভিনেত্রী কেয়া পায়েল ফেসবুকে লিখেছেন, হারার মাঝেই শেষ হলো এবারের বিশ্বকাপ। তৌসিফ মাহবুব লিখেছেন, ‘হয়তো দিনটা আমাদের ছিল না। মেসি আর আর্জেন্টিনা, তোমাদের প্রতি ভালোবাসা চিরকালীন।’ অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত