উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা শুরু করার বিষয় নয়; এটি নতুন কিছু ভাবার, ঝুঁকি নেওয়ার এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার মানসিকতা। বিশ্বের সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের পথচলা থেকে অসংখ্য অনুপ্রেরণাদায়ক উক্তি রেখে গেছেন। এসব উক্তিতে যেমন রয়েছে নেতৃত্বের শিক্ষা, তেমনি রয়েছে ব্যর্থতা থেকে শেখার সাহস এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রেরণা। বিশ্ববিখ্যাত উদ্যোক্তাদের কিছু নির্বাচিত উক্তি আমাদের সেই চিন্তা ও দর্শনের সঙ্গেই পরিচয় করিয়ে দেয়, যা তাদের সাফল্যের ভিত্তি গড়ে তুলেছিল।
১. স্টিভ জবস (Apple--এর সহ-প্রতিষ্ঠাতা)
“আমি নিশ্চিত যে, একজন সফল উদ্যোক্তাকে অসফলদের থেকে আলাদা করার মূল চাবিকাঠি হলো কেবলই তার ‘অধ্যবসায়’। এই একটা গুণের কারণেই অর্ধেক ব্যবধান তৈরি হয়ে যায়।”
২. অনিতা রডিক (The Body Shop-এর প্রতিষ্ঠাতা)
“ভিশন বা দূরদর্শিতা হলো এমন কিছু, যা কেবল আপনিই দেখতে পান, অন্য কেউ নয়। অনেকেই হয়তো একে ‘পাগলামি’ বলে আখ্যা দেবে; কিন্তু এটাই মূলত একজন উদ্যোক্তার আসল অন্তর্দৃষ্টি।”
৩. কেসি নাইস্ট্যাট (বিখ্যাত ইউটিউবার এবং Beme-এর সহ-প্রতিষ্ঠাতা)
“আইডিয়া বা ভাবনার কোনো অভাব নেই, এটা খুবই সহজলভ্য এবং সবার মাঝেই থাকে। আমরা অযথাই আইডিয়াকে অতিরিক্ত মূল্যায়ন করি। আসল সত্য হলো, আইডিয়া নয় তার সফল বাস্তবায়নই দিন শেষে সব।”
৪. হেনরি ফোর্ড (Ford Motor Company-এর প্রতিষ্ঠাতা)
‘কাজে সফলতা পাওয়ার জন্য যদি প্রয়োজন হয়, তবে যেকোনো পদ্ধতি বদলে ফেলতে, যেকোনো নিয়ম বাতিল করতে, এমনকি প্রতিষ্ঠিত কোনো তত্ত্বকেও ছুড়ে ফেলতে সদা প্রস্তুত থাকুন।’
৫. স্যাম অল্টম্যান (OpenAI/ChatGPT-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী)
‘সফল উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নেন, দ্রুতগতিতে কাজ করেন; তারা কখনোই কারও অনুমতির জন্য হাত পেতে বসে থাকেন না।’
৬. মিশেল জ্যাটলিন (Cloudflare-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট)
“অনেকে সুযোগ হাতছাড়া করেন কেবল ‘সঠিক সময়ের’ অপেক্ষা কিংবা ‘আর্থিক অনিশ্চয়তার’ ভয়ে। তারা শুধু হিসাব-নিকাশ আর বিশ্লেষণেই সময় নষ্ট করেন। কিন্তু বাস্তব হলো, কখনো কখনো কোনো কিছু না ভেবে কেবল শুরু করে দেওয়াটাই সবচেয়ে জরুরি।”
৭. ল্যারি পেজ (Google-এর সহ-প্রতিষ্ঠাতা)
“অনেক বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়াটা মাঝে মাঝে তুলনামূলক সহজ হয়। কারণ আপনার মতো এতখানি ‘পাগল’ হওয়ার সাহস আর কেউ দেখায় না যার ফলে প্রতিযোগিতাও অনেক কমে যায়।”
৮. সারা ব্লেকলি (Spanx-এর প্রতিষ্ঠাতা)
‘নিজের অজানা বিষয়গুলো নিয়ে মোটেও ভয় পাবেন না। এই অজ্ঞতাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি; কারণ কোনো বিষয়ে পূর্বধারণা না থাকলে আপনি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন উপায়ে কাজটি করতে পারবেন।’
৯. ব্রায়ান চেস্কি (Airbnbএর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী)
“আমরা যদি জোর করে কোনো ‘ভালো আইডিয়া’ খুঁজতে যেতাম, তবে হয়তো কখনোই তা পেতাম না। সেরা আইডিয়াগুলো আসলে তখনই আসে, যখন আমরা নিজের জীবনের কোনো বাস্তব সমস্যার সমাধান করতে যাই।”
১০. কেভিন সিস্ট্রম (Instagram-এর সহ-প্রতিষ্ঠাতা)
‘আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে, তবে আজই তা শুরু করে দিন। শুরু করার জন্য এখনই সেরা সময়। এর মানে এই নয় যে, প্রথম দিনেই সবকিছু ছেড়ে ছুড়ে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে বরং ছোট ছোট পদক্ষেপ নিয়েই আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন।’