ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘আমায় ভাসাইলি রে’

নদী ও জাহাজিদের জীবনের টানাপড়েন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’ দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৭ জুলাই। এই সিনেমার প্রচারণার বিশেষ চমক হিসেবে যুক্ত হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। লাবিক কামাল গৌরবের নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন গুণী অভিনেতা ও শিল্পী ফজলুর রহমান বাবু।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমার প্রেক্ষাপট ও আবহের সঙ্গে গানটি দারুণভাবে মানানসই। শুরুতে নতুন গানের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত এই কালজয়ী সুরটিকেই বেছে নেওয়া হয়েছে। ফজলুর রহমান বাবু কেবল গানেই কণ্ঠ দেননি, ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন। দীপক সুমন, আমিনুর রহমান মুকুল ও সিফাত বন্যা অভিনীত এই ছবিটি ইতিমধ্যে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আসরে প্রশংসিত হয়েছে। অর্থসংকটসহ নানা জটিলতা কাটিয়ে মুক্তির মিছিলে থাকা সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে চলতি মাসেই এই গানটি প্রকাশের মাধ্যমে।