পাকা আমের ৩ পদ

রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা

ম্যাঙ্গো কাস্টার্ড ডিলাইট

উপকরণ

পাকা আম ২টি, দুধ এক লিটার, চিনি আধা কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, চিয়া সিড ১ চা চামচ, সেদ্ধ সেমাই ১ কাপ, স্ট্রবেরি জেলি ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

একটা পাত্রে পরিমাণ মতো পানির সঙ্গে জেলি পাউডার মিশিয়ে জেলি বানিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। পাকা আম খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন। চিয়া সিডকে এক টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখুন। চুলায় দুধ দিয়ে এর মধ্যে চিনি দিয়ে নাড়তে থাকুন। সামান্য ঘন হলে এর মধ্যে সামান্য দুধ দিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে ঢেলে দিন ও ভালো করে নাড়তে থাকুন। এবার মিশ্রণটি হালকা ঘন হয়ে এলে আম দিয়ে ভালো করে মিশিয়ে নিন ও দুই মিনিট রান্না করুন। এর মধ্যে সেদ্ধ সেমাই দিয়ে ভালো করে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন ও মিশ্রণটি ঠান্ডা করতে দিন। একটা গ্লাসে রান্না করে মিশ্রণ ঢেলে এর মধ্যে পরিমাণ মতো জেলি, চিয়া সিড ও বরফ কুচি দিয়ে হালকা নেড়ে ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আমের কুলফি

উপকরণ

পাকা আম ২টি, তরল দুধ আড়াই কাপ, চিনি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, ফ্রেশ ক্রিম আধা কাপ, কেশর এক চিমটি।

পরিবেশন : পেস্তা বাদাম কুচি সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

আমকে খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চুলায় দুধ দিয়ে এর মধ্যে চিনি ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে এর মধ্যে ফ্রেশ ক্রিম ও কেশর দিয়ে দিন। এবার মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন ও ব্লেন্ড করা আম ও সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কুলফির মোল্ডে ঢেলে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখুন। ৫-৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

মিনি ম্যাঙ্গো চিজকেক

উপকরণ

আমের পিউরি পৌনে ১ কাপ, গলানো মাখন আধা কাপ, ডাইজেস্টিভ বি¯ু‹ট ১ প্যাকেট, জেলাটিন ১ চা চামচ, গরম পানি ১ টেবিল চা চামচ, হুইপ ক্রিম ১ কাপ, ক্রিম চিজ আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে জেলাটিন পানিতে ভালো করে মিশিয়ে নিন। মাইক্রোওভেনে দশ সেকেন্ড দিয়ে ভালো করে গলিয়ে রাখুন। ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়া করে এর সঙ্গে গলানো মাখন ভালো করে মিশিয়ে নিন। কাপকেকের মোল্ড নিয়ে বিস্কুটের সামান্য মিশ্রণ চেপে চেপে বসিয়ে একটা লেয়ার করুন।

হুইপ ক্রিম বিট করে নিন। এবার এর মধ্যে ক্রিম চিজ দিয়ে ভালো করে বিট করে আমের পিউরি ও জেলাটিন দিয়ে দিন। আবারও বিট করুন। এই মিশ্রণটি বিস্কুটের লেয়ারের ওপর ঢেলে দিন ও ৫ থেকে ৬ ঘণ্টা চিলারে রাখুন। চিলার থেকে বের করে এর ওপর আমের কুচি বা পিউরি দিয়ে পরিবেশন করুন।