নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ডার্ক কমেডি ও স্যাটায়ারধর্মী সিনেমা ‘মা বহেন’-এ সুষমা চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এবং নারীর ওপর চাপিয়ে দেওয়া নিয়মের বেড়াজালকে ব্যঙ্গ করে নির্মিত হয়েছে এই ছবি।
সিনেমায় তৃপ্তির চরিত্রটি এমন এক নারীর, যে সংসারে পুরুষদের জন্য একটানা রুটি বানাতে বানাতে ক্লান্ত। নিজের অবদমিত ক্ষোভ মেটাতে মোবাইলে মারামারির গেম খেলাই তার একমাত্র আশ্রয়। একপর্যায়ে মায়ের ঘরে একটি মৃতদেহ পাওয়ার পর তা লুকানোর উত্তেজনার মধ্যে অবহেলার শিকার হওয়া সুষমার ভেতরের তীব্র ক্ষোভ ফেটে পড়ে। জুতা দিয়ে এক অলস পুরুষকে পেটানোর একটি দৃশ্যে তৃপ্তির অভিনয় ছিল অনবদ্য, যা ছবির অন্যতম সেরা দৃশ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
মাধুরী দীক্ষিতের মতো কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেও নিজের অভিনয়শৈলী দিয়ে আলাদাভাবে উজ্জ্বল ছিলেন তৃপ্তি। তথাকথিত সামাজিক কপটতা ও নারীর আত্মপরিচয়ের সংকট ফুটিয়ে তুলতে তিনি দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন।