বিশ্বখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন থ্রিলার ‘ডিসক্লোজার ডে’ আজ থেকে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই সঙ্গে দেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভিনগ্রহের প্রাণীর আগমন এবং সরকারি ষড়যন্ত্রের গল্পে নির্মিত এই ছবির মূল চরিত্রে আছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনর ও কলিন ফার্থ।
তিনবার অস্কারজয়ী স্পিলবার্গের ১০ বিলিয়ন ডলারের বক্স অফিস রেকর্ডের মুকুটে এটি নতুন পালক হতে যাচ্ছে। ‘জুরাসিক পার্ক’ খ্যাত ডেভিড কোয়েপের চিত্রনাট্যে তৈরি এই সিনেমাটিকে উদ্বোধনী প্রদর্শনী দেখেই চলচ্চিত্র সাংবাদিকরা ‘গত ২০ বছরে স্পিলবার্গের সেরা সিনেমা’ বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে এমিলি ব্লান্টের অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা জানান, সিনেমাটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।