আবারও আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক ভিডিওর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে আলোচনা। মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই নিজের নাচ ও উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি।
আগেই জানা গিয়েছিল, আসন্ন ফিফা বিশ্বকাপের বিশেষ মিউজিক প্রজেক্টে থাকছেন নোরা। সেই ঘোষণার পর থেকেই তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে ‘সির সির’ গানের প্রথম ঝলক সামনে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই গানের শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। কোরিওগ্রাফার রাজিত দেব জানিয়েছেন, পুরো টিম শুটিংয়ের জন্য মাত্র ১৫ মিনিট সময় পেয়েছিল। কিন্তু সেই স্বল্প সময়েই কাঙ্ক্ষিত দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছেন তাঁরা। তাঁর কথায়, ‘ওই সময়ের মধ্যেই কোটি টাকার শট বের করে এনেছি আমরা।
ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল নোরার। যদিও সেই স্বপ্ন বাস্তব হয়নি, তবে এবার ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের মিউজিক ভিডিওর অন্যতম মুখ হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। লাল-সাদা পোশাকে ফুটবলকে সঙ্গী করে তাঁর প্রাণবন্ত নাচ ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। নোরা এই প্রজেক্ট নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘সির সির’ গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি যা বিশ্বমানের এবং অনন্য।
এই যেমন মরক্কো থেকে আমার কানাডার শিকড়ের কথা যেমন তুলে ধরেছি, তেমনই ভারতেরও বিশাল প্রভাব রয়েছে এই গানে। কারণ ভারত তথা দক্ষিণ এশিয়ার তরফে আমি যে ভালোবাসা পেয়েছি, আজ সেকারণেই আমি এখানে। এই গানটিকে আরও অর্থবহ করে তুলেছে ভারতীয়দের উপস্থিতি। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী থেকে শুরু করে স্টাইলিং টিম— সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গানটিকে বাস্তবায়িত করেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বিশ্বমানের ইভেন্টের জন্য এমন মিউজিক ভিডিও তৈরি করা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ক্যারিয়ার যেন পূর্ণতা পেল।’