গরমে স্বস্তি পেতে জিরা পানি

বর্তমানে রোদের তাপ এতো প্রখর যার কারণে শরীর চায় ঠান্ডা পানীয়। আর জিরা পানি পানে মন ও শরীর জুড়িয়ে যায়। 

কিন্তু কিছু কিছু পানীয় যেগুলো যেমন ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে বানানো যায়, তেমনি খাওয়ার পর শুধু শরীর-মনও জুড়িয়ে যায়। একইসঙ্গে আবার স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। জিরা পানি তেমনই এক পানীয়। তবে অনেকে তেষ্টা মেটানোর জন্য কখনো শরবত, কখনো বা কোমল পানীয় বেছে নেয়।

তীব্র গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে জিরা পানি। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে সহজলভ্য একটি প্রাকৃতিক সমাধানই হলো এই পানীয়।

রান্নাঘরের পরিচিত এই মসলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরকে শীতল রাখতে, হজমশক্তি উন্নত করতে এবং গরমজনিত অস্বস্তি কমাতেও সহায়তা করে। তাই এই গরমে সুস্থ ও স্বস্তিতে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এক গ্লাস জিরা পানি। 

আসুন জেনে নেওয়া যাক কিভাবে জিরা পানি বানানো যায়-

যা যা লাগবে

পানি ১ লিটার, ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ, ঘন ও গাঢ় তেঁতুলের মাড় ২-৩ টেবিল চামচ, আখের গুড় আধা কাপ, বিট লবণ ১ চা চামচ, পরিবেশনের জন্য বরফ।

রেসিপি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার একটু চেখে দেখতে হবে টকটা বেশি হলো কি না, মিষ্টি ঠিক আছে কি না। নিজের মতো করে স্বাদটা ঠিক করে নেওয়া যায়। এইবার চাইলে ছেঁকে নিতে পারেন, আবার এভাবেও পরিবেশন করতে পারেন।

পরিবেশনের সময় কয়েক টুকরো বরফ দিলে ভালো।