বাংলাদেশি-আমেরিকান মেডিসিন গবেষক ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসক প্রফেসর ড. মজিবুল হক যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology (WUST)-এর হেলথ সায়েন্স (ইন্টিগ্রেটিভ মেডিসিন) বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি বিশ্ববিৃদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
ফেনীতে জন্মগ্রহণকারী ড. হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব উইসকনসিনমিলওয়াকি থেকে মেডিসিনাল কেমিস্ট্রিতে পিএইচডি এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ থেকে পোস্টডক্টরেট সম্পন্ন করেন।
২০০৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে WUST-এ অধ্যাপনার পাশাপাশি তিনি একটি বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজার এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন বিষয়ক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. মজিবুল হক বলেন, শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে আরও বিস্তৃতভাবে অবদান রাখার সুযোগ হিসেবে তিনি এই দায়িত্বকে দেখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ নিয়োগ বৈশ্বিক স্বাস্থ্যশিক্ষা ও ইন্টিগ্রেটিভ মেডিসিন গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।