শিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও ‘গুম নাটকের’ অভিযোগ: জবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ‘নাটক সাজানো’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে প্রকৃত ভুক্তভোগীদের প্রতি অবমাননা করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা। এসব কর্মকাণ্ড বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “গুম, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এসব ঘটনার নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, অপপ্রচার ও গোপন রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকব।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসাইন, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, রবিুল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, শাহাদাত খান, শাখাওয়াতুল ইসলাম খান পরাগ, তুষার, ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত