সোনারগাঁও 

মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার শনিরআখড়া থেকে সোনারগাঁওয়ে বেড়াতে গিয়ে মেঘনা নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে সোনারগাঁও উপজেলার মেঘনা সেতুর পাশের মেঘনা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ঢাকার শনিরআখড়া ও দনিয়া এলাকা থেকে সাত বন্ধু একসঙ্গে সোনারগাঁওয়ের মেঘনা লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসে। পরে দুপুরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে কায়েস ও মিরাজ পানিতে তলিয়ে যায়। বাকি পাঁচজন তীরে উঠতে পারলেও তাদের উদ্ধার করতে পারেনি।

জানা গেছে, সাতজনের কেউই সাঁতার জানত না বলে। ঘটনার পর বাকি পাঁচ বন্ধু আতঙ্কিত ও হতবাক হয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সোনারগাঁও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশের এসআই আল মামুন হায়দার জানান, নিহত কায়েস (১৩) শনিরআখড়া এ কে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং মিরাজ (১৬) বর্ণমালা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সাত বন্ধু গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।