পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মে ২০২৬ মাসে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।
তার নেতৃত্বে মে ২০২৬ মাসে বাঁশখালী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—মোট ৪৯টি মামলা রুজু এবং ৪৯টি মামলার নিষ্পত্তি। এছাড়া ১২৫টি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
একই সময়ে ৬০ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ মোট ১৭৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭৫ জন আসামিকে।
মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সংক্রান্ত ৬টি মাদক মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।
নিয়মিত টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরলস পরিশ্রম করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেছেন ওসি রবিউল হক। তিনি বাঁশখালী থানায় যোগদানের পর থেকে বিট পুলিশিং সভা এবং বিভিন্ন স্থানে চিরুনি অভিযান পরিচালনা করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বাঁশখালী থানার এই সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় বাঁশখালী থানা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে থানা সূত্রে জানা গেছে।
পরিবহন ব্যয়ের সংকটে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল