ভোজিনহার কান্না থেকে মেসির জাদু!

ভোজিনহার কান্না ও কেপ ভার্দের বীরত্ব

প্রথম রাউন্ডের সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি হয়েছে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার কীর্তির কারণে। শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে তার চোখ থেকে ঝরে পড়া জল ছিল গর্বের, পরিবারের প্রতি ভালোবাসার এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ের। আশ্চর্যের বিষয় হলো, মাঠে নামার আগে ভোজিনহার কোনো পেশাদার ক্লাবের সঙ্গে চুক্তিও ছিল না!

রোনালদোর ছায়া হয়ে থাকা

প্রথম রাউন্ডে ব্রাজিল, স্পেন কিংবা পর্তুগাল কোনো পরাশক্তিই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। নেইমারবিহীন ব্রাজিল তো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে হেরেই যাচ্ছিল, কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের একক জাদুতে শেষ পর্যন্ত হার এড়ায় সেলেসাওরা। অন্যদিকে, রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে রুখে দেয় কঙ্গো।

নতুন যুগের রাজত্ব : এমবাপ্পে ও হালান্ড

বিশ্বকাপের মঞ্চ যে বিশ্বসেরা হওয়ার আসল জায়গা, তা প্রমাণ করতেই যেন নেমেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। ২০১৮-এর চ্যাম্পিয়ন এমবাপ্পে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে জানান দিয়েছেন, সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙতেই এসেছেন তিনি। বিশ্বকাপে মাত্র ২৬ বছর বয়সেই তার গোলসংখ্যা এখন ১৪! এদিকে নরওয়ের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার যে তাগিদ ছিল, তা প্রথম ম্যাচেই মিটিয়েছেন আর্লিং হালান্ড।

কেইনের রেকর্ড ও রক্ষণে আত্মত্যাগ

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের জন্য ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল এক চরম পরীক্ষা। ম্যাচের শুরুতেই তার নেওয়া পেনাল্টি শট ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও, ভিএআর গোলরক্ষকের লাইন থেকে এগিয়ে আসার ভুল ধরে পেনাল্টি পুনরায় নেওয়ার নির্দেশ দেয়। এবার আর ভুল করেননি কেইন। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করেন তিনি। জোড়া গোলে গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা (১০ গোল) হওয়ার রেকর্ড গড়েন কেইন।

লিওনেল মেসির হিমালয়সম কীর্তি

সবশেষে বলতে হয় ফুটবল জাদুকর লিওনেল মেসির কথা। ২০২২ সালে বিশ্বকাপ জিতে সব চাপ মুক্ত হওয়া মেসি এখন খেলছেন নিছক আনন্দের জন্য, দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে। আর তাতেই প্রতিপক্ষ ছারখার! আগামী সপ্তাহে ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসির পা জোড়ায় বয়সের কোনো ছাপই দেখা যায়নি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জেতানোর পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন এলএম১০। বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ডে তিনি এখন ছুঁয়ে ফেলেছেন জার্মানির মিরোসøাভ ক্লোসাকে।