কমলগঞ্জে ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের পাহাড়ি ছড়ার ব্রিজের পাশ থেকে মৌলচাঁন করুয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত যুবক উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ফুলবাড়ি চা বাগানে লাকড়ি (জ্বালানি কাঠ) আনতে গিয়ে হয়ত ছড়াতে পড়ে যায় মৌলচাঁন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে বাড়ির লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি। সোমবার সকালে খবর আসে বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ায় একটি মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে।