মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজের পালিত রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গেলে প্রতিবেশির হামলার শিকার হয়েছেন সুবর্না (২০) নামে এক নারী। এর জেরে হাস নিয়ে থানায় ছুটে গেছেন ওই নারী। এ ঘটনায় তিনি প্রতিবেশি সহোদর ৩ ভাইয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ সোমবার (২২জুন) জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। নারী সুরমা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সকালে বাড়ৈখালী গ্রামের সুবর্নার পালিত একটি রাজহাস প্রতিবেশির বাড়ি চলে যায়। এতে প্রতিবেশি সহোদর ৩ ভাই শামসুল মোল্লা (৪৫), আনোয়ার মোল্লা (৪০) ও কালাম মোল্লা (৩৫) ক্ষিপ্ত রাজহাসের পা ভেঙ্গে দেন।
বিষয়টি জানতে পেরে ওই নারী প্রতিবেশির বাড়িতে গিয়ে রাজহাসের পা ভেঙ্গে ফেলার বিচার চান। এসময় সহোদর ওই ৩ ভাই মিলে লাঠিসোটা দ্বারা সুর্বনাকে মারধর করেন। স্থানীয়রা নারীকে উদ্ধার করেন।
ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুরে ওই নারী রাজহাস নিয়ে শ্রীনগর থানায় ছুটে যান। আহত নারী সুর্বনা স্থানীয় সাংবাদিকদের বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতা ভুগছি। আমি এ ঘটনার বিচার চাই। এ প্রসঙ্গে শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত বলেন, নারীর করা একটি অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।