প্রশ্ন : আমার বাবার ওপর হজ ফরজ ছিল। কিন্তু তিনি হজ আদায় করতে পারেননি। ইন্তেকালের আগে তিনি বদলি হজ করানোর জন্য ওসিয়ত করে যান। আগামী বছর আমার বড় ভাই তার কোম্পানির খরচে হজে যাবেন। তিনি আগেও একবার হজ করেছেন। তাই তিনি চাচ্ছেন, এবারের হজে তিনি বাবার বদলি হজের নিয়ত করবেন। আমার জানার বিষয় হলো, বড় ভাই যদি তার এই হজে বাবার বদলি হজ আদায়ের নিয়ত করেন, তাতে কি বাবার বদলি হজ আদায় হবে?
আলমগীর হোসাইন, ময়মনসিংহ
উত্তর : না, আপনার বড় ভাই কোম্পানির খরচে হজ করলে এর দ্বারা আপনার বাবার বদলি হজ আদায় হবে না। কেননা বদলি হজের ওসিয়তকারীর যদি সম্পদ থাকে, তাহলে অন্যের সম্পদ দ্বারা বদলি হজ করলে তার পক্ষ থেকে তা আদায় হবে না। বরং এক্ষেত্রে বদলি হজ আদায় হওয়ার জন্য তার সম্পদ দ্বারাই হজ করা জরুরি। সুতরাং আপনার বাবার বদলি হজটি তার রেখে যাওয়া সম্পদ থেকেই কারও মাধ্যমে করাতে হবে। (বাদায়েউস সানাইয়ে ২/৪৫৬, হিন্দিয়া ১/২৫৭)