কে-পপ তারকা ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা ও ফ্রেডেরিক আরনল্টের প্রেমের চর্চা দীর্ঘদিনের। তবে বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘ভ্যানিটি ফেয়ার’-এর গ্রীষ্মকালীন সংখ্যার কভার স্টোরিতে দাবি করা হয়েছে, এই জুটির সম্পর্কের অবসান ঘটেছে। নেটদুনিয়ায় এ নিয়ে তোলপাড়—তবে ট্র্যাজেডিতে রূপ নিল আলোচিত প্রেমকাহিনি।
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ব্র্যান্ডদল ব্ল্যাকপিঙ্কের লিসা এবং বিশ্বখ্যাত ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি ‘ট্যাগ হিউয়ার’-এর সিইও ফ্রেডেরিক আরনল্টের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তাদের ব্রেকআপের খবরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রায় দুই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর হঠাৎ কেন এই দূরত্ব—এ নিয়ে চলছে জোর নানা আলোচনা।
সম্প্রতি ‘ভ্যানিটি ফেয়ার’-এর গ্রীষ্মকালীন সংখ্যার প্রচ্ছদ তারকা হয়েছেন লিসা। সেখানে তার সাক্ষাৎকার নেওয়ার আগেই লিসার টিম সাফ জানিয়ে দেয়—ব্যক্তিগত জীবন বা প্রেম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না! প্রেমের প্রসঙ্গ এড়াতে চাওয়ার এই মরিয়া চেষ্টাই মূলত ব্রেকআপের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। ম্যাগাজিনটির নিবন্ধে সরাসরি উল্লেখ করা হয়, লুই ভিটনের মালিকের ছেলে ফ্রেডেরিকের সঙ্গে লিসার মধুর সম্পর্কটি এখন অতীত।
গত মার্চে লিসার ২৯তম জন্মদিনের জমকালো পার্টিতে ফ্রেডেরিক উপস্থিত ছিলেন না। এ সময় প্রেমবিষয়ক সব কিছু এড়িয়ে তারকা জীবনের অন্ধকার দিক নিয়ে আলাপ করেন লিসা। তিনি জানান, উগ্র ভক্ত ফ্যানদের কারণে তার ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই। বাড়ি ঘেরাও করা কিংবা জোর করে ট্যাক্সিতে উঠে পড়ার মতো ভীতিকর অভিজ্ঞতা তার দম বন্ধ করে দেয়। মাঝেমধ্যে গ্ল্যামার দুনিয়া ছেড়ে সাধারণ মানুষের মতো বাঁচতে ইচ্ছে করে তার।
মজার বিষয়, বিচ্ছেদের খবরে লিসার অনেক ভক্ত উৎফুল্ল। কারণ ফ্রেডেরিককে লিসার পার্টনার হিসেবে তারা পছন্দ করতেন না। তাই বিচ্ছেদের খবর চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিসা-ভক্তদের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে নানা টালমাটাল পরিস্থিতি থাকলেও পেশাগত জীবনে রীতিমতো উড়ছেন লিসা। সম্প্রতি এইচবিও-এর ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজে নাম লিখিয়েছেন তিনি। এ ছাড়া গত ১২ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চও কাঁপিয়েছেন এই কে-পপ কুইন।