বহু বছর পর আবারও এক নাটকে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন দেশের তিন বর্ষীয়ান অভিনয়শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় ‘দাদি ভয়ংকর’ নামের একটি একক নাটকে অভিনয় করেছেন তারা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটির মূল উপজীব্য ইন্টারনেট ও আধুনিক জীবনের প্রযুক্তিগত সচেতনতা। এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতা রাহাত কবির বলেন, ‘তিনজন কিংবদন্তি শিল্পীকে একসঙ্গে পাওয়া সহজ ছিল না। তবে তাদের আন্তরিকতা কাজটিকে আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন করে তুলেছে।’
কাজটি করতে গিয়ে নব্বইয়ের দশকের জনপ্রিয় নাটক ‘শেষ পত্র’-এর স্মৃতিচারণ করেন শিল্পীরা। আবুল হায়াত বলেন, ‘সিনিয়র শিল্পীদের নিয়ে এখন একক নাটক নির্মাণ বেশ কঠিন। এমন গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে।’ দিলারা জামান প্রযুক্তির ঝুঁকির বার্তা দেওয়ার পাশাপাশি পুরনো দিনের কথা মনে করেন। অন্যদিকে ডলি জহুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদকে স্মরণ করেন।