ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পপি কি আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াবেন? এই প্রশ্ন দীর্ঘদিনের। নানা গুঞ্জন আর খবরের অবসান ঘটিয়ে পপি নিজেই এবার স্পষ্ট করলেন তার অবস্থান। স্পষ্ট জানিয়ে দিলেন, রুপালি পর্দায় আর ফেরার কোনো পরিকল্পনা নেই তার। তবে এর মধ্যে একটি বড় ‘যদি’ জুড়ে দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
পপি জানান, আগামী কয়েক বছরের মধ্যে যদি তাকে নিয়ে কোনো ‘বায়োপিক’ বা জীবননির্ভর চলচ্চিত্র নির্মিত হয়, তবেই কেবল তিনি অভিনয়ে ফিরবেন। এর বাইরে আর কোনো সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনে তাকে দেখা যাবে না।
পপি বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে সিনেমা বানানোর আগ্রহ দেখিয়েছেন, প্রস্তাবও পেয়েছি। কিন্তু আমি আপাতত সংসারেই মনোযোগী। স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সুখী দাম্পত্য জীবন পার করতে চাই। তবে কেউ যদি নিখুঁতভাবে আমার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ করতে চান, তবে ভেবে দেখব। আমার জন্ম, বেড়ে ওঠা, ফটোসুন্দরী প্রতিযোগিতার দিনগুলো, আমার সংগ্রাম ও চলচ্চিত্র জীবন সবকিছু যেখানে সততা ও চমৎকার গল্পের মাধ্যমে উঠে আসবে, তেমন সিনেমাতেই কেবল কাজ করব। দায়সারা কোনো বায়োপিকে আমি অভিনয় করব না।’
ভক্তদের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে মৌসুমী আপু ও শাবনূরের মতো আমরাও একটা দাপুটে সময় পার করেছি। ভক্তরা এখনো আমাদের নিয়ে গর্ব করে। তাই এমন কিছু করতে চাই, যা দৃষ্টান্ত হয়ে থাকবে।’
উল্লেখ্য, পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশন’। ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও শতাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন গুণী এই অভিনেত্রী।