জীবন্ত কিংবদন্তির জীবনগাথা গল্প আছে এখানে

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও বর্ণিল সংগীতযাত্রা নিয়ে বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ। ‘গল্প আছে এখানে...’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবনের নানা অজানা অধ্যায়, সংগ্রাম, শিল্পভাবনা ও কালজয়ী সৃষ্টির নেপথ্যের গল্প উঠে এসেছে। আগামী ১ জুলাই শিল্পীর ৮৬তম জন্মদিনে বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে এটি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী তার শৈশব, সংগীতের সূচনা, দেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের প্রতি তার প্রত্যাশার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে উঠে এসেছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘপথ চলার নানা অভিজ্ঞতা।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী, তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমরা শুধু তার সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।’

উল্লেখ্য, শাইখ সিরাজ এর আগে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ বেশ কিছু প্রশংসিত প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

প্রতিভা, সাধনা ও নিষ্ঠার মাধ্যমে কীভাবে একজন শিল্পী কয়েক দশক ধরে মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছেন, ‘গল্প আছে এখানে’ প্রামাণ্যচিত্রে দর্শকরা সেই অনুপ্রেরণামূলক অধ্যায়গুলোই নতুন করে জানার সুযোগ পাবেন।