জবাবদিহিতা এড়াতে আইনি দায়মুক্তির পরিকল্পনা ট্রাম্পের: নথি ফাঁস

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এবং জাতিসংঘ অনুমোদিত 'বোর্ড অব পিস' গাজা শাসনের দায়িত্ব নেওয়ার পরিকল্পনায় নিজেদের জন্য বড় ধরনের আইনি সুরক্ষা বা দায়মুক্তি চাচ্ছে-এমন তথ্য উঠে এসেছে একটি ফাঁস হওয়া খসড়া নথিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের হাতে আসা ওই নথিতে বলা হয়েছে, বোর্ডের সদস্য, তাদের সহকারী সংস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী এবং কাজ করা ঠিকাদারদের বিরুদ্ধে গাজা বা অন্য কোথাও কোনো মামলা, গ্রেপ্তার বা আটক করা যাবে না।

এছাড়া নথিতে আরও বলা হয়েছে, গাজার সরকারি সম্পত্তি ও জায়গা বোর্ডের কাজের জন্য 'বিনামূল্যে' ব্যবহার করা যাবে।

নথি অনুযায়ী, বোর্ড অব পিসের প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্প থাকবেন। তিনি চাইলে বোর্ডের কারও দায়মুক্তি তুলে নিতে পারবেন, তবে এর জন্য অন্য সদস্যদের অনুমতি লাগবে।

এই বোর্ডে আরও আছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ, হোয়াইট হাউসের প্রধান সুজি ওয়াইলস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তারা দাবি করেছে, এটি আইন ভাঙার বা কাউকে দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা নয়। বরং সব কাজ আইন মেনে এবং নজরদারির মধ্যে করা হবে। তবে কীভাবে এই নজরদারি হবে, তা পরিষ্কার করে বলা হয়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে বোর্ড অব পিস ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজার প্রশাসন চালানোর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করে গাজায় নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং হামাসকে অস্ত্র ছাড়তে বাধ্য করা হবে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের দায়মুক্তি থাকলে গাজায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে তার জন্য কাউকে দায়ী করা কঠিন হবে। তাদের মতে, এটি এমন একটি ব্যবস্থা তৈরি করতে পারে যেখানে বাইরের কোনো আদালত বা আন্তর্জাতিক আইন কার্যকরভাবে কাজ করতে পারবে না।

আরও বলা হচ্ছে, গাজার সরকারি ভবন ও জায়গা 'বিনামূল্যে' ব্যবহার করার কথা থাকায় এটি জমি ও সম্পত্তি দখলের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।