গাজার তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এ আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির লক্ষ্য করে চালানো এই হামলায় এক ভাই ও এক বোন নিহত হয়েছেন।
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, শনিবার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় অস্থায়ী দুটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা নিহত হন।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার স্থান থেকে আহত সাতজনকে উদ্ধার করে নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে।
নাসের হাসপাতালের প্রাঙ্গণে সাদা কাফনে মোড়ানো ভাই-বোনের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারির হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।
এদিকে, দক্ষিণ গাজায় আগের এক ইসরায়েলি হামলায় আহত ১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়ালিদ ইউসুফ আবু জাজার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, কয়েকদিন আগে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় সে গুরুতর আহত হয়েছিল।
এছাড়া গাজা শহরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স সেবা জানায়, আহতদের বেশিরভাগই নারী এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আল জাজিরার গাজা প্রতিনিধি জানান, যুদ্ধবিরতির পরও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। তিনি বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আল-মাওয়াসি এলাকাকে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় ইসরায়েলি ড্রোনের তৎপরতা আরও বেড়েছে বলেও তিনি জানান।