ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে প্রায় দেড় ঘণ্টা ব্যবধানে তার মাকেও উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
গতকাল শনিবার বার্তাসংস্থা এএফপি জানায়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরে একটি ধসে পড়া ভবনের নিচে থেকে নবজাতকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান পরিচালনাকারীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে শিশুটিকে নিরাপদে বের করে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর নবজাতককে বাইরে আনা হলে উপস্থিত লোকজন করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। পরে কম্বলে মোড়ানো শিশুটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে একের পর এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।
উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। তিনি জানান, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। তার ভাষ্য অনুযায়ী, টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরবর্তীতে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে নবজাতকটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।
চিকিৎসকদের বরাতে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে অবস্থানকালে মা নিজের শরীর বা অন্য কোনো কিছু দিয়ে শিশুটিকে রক্ষা করেছিলেন।