বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে আজ সোমবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ান পরাশক্তি জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন—পোস্টার বয় নেইমার আজ কতক্ষণ মাঠে থাকবেন?
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নেইমারের ফিটনেস ও খেলার সময়সীমা নিয়ে বড় আপডেট দিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ ও প্রীতি ম্যাচগুলো মিস করার পর, গত ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। দীর্ঘ তিন বছর পর সেলেসাওদের জার্সিতে এটিই ছিল তার প্রথম ম্যাচ, যেখানে তিনি শেষ ১৫ মিনিট খেলেন।
জাপান ম্যাচের আগে নেইমারের অগ্রগতি নিয়ে আনচেলত্তি বলেন, "নেইমার খুব ভালো উন্নতি করছে। বিশেষ করে গত এক সপ্তাহে তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এটা ঠিক যে আমাদের সাথে আসার পর সে পুরোটা সময় দলের সাথে অনুশীলন করতে পারেনি। তবে সে এখন স্কটল্যান্ড ম্যাচের (১৫ মিনিট) চেয়েও বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। অবশ্য সে আজ কতক্ষণ খেলবে, তা সম্পূর্ণ নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং মাঠের লড়াই কোন দিকে মোড় নেয় তার ওপর।"
ইএসপিএন বলছে, ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলেও জাপানের বিপক্ষে ম্যাচেও নেইমার শুরুর একাদশে থাকছেন না। তিনি আজ বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে মাঠে নামানো হবে।
জাপানের বিপক্ষে এই ম্যাচটি নেইমারের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পরিসংখ্যান বলছে, ব্রাজিলের মূল দলের হয়ে নেইমার তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন এই জাপানের বিপক্ষেই। ব্লু সামুরাইদের জালে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ বার বল পাঠিয়েছেন এই সান্তোস ফরোয়ার্ড।
ফিফা স্বীকৃত অফিশিয়াল ম্যাচের হিসাব অনুযায়ী, নেইমার বর্তমানে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি কিংবদন্তি পেলেকে (৭৭ গোল) ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন। তবে পেলের অনফিশিয়াল ও বিভিন্ন ক্লাবের বিপক্ষে ম্যাচসহ মোট গোলসংখ্যা ৯৫টি। ফলে আজ প্রিয় প্রতিপক্ষ জাপানের বিপক্ষে মাঠে নামার সুযোগ পেলে নিজের গোলসংখ্যাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে নেইমারের সামনে।