জাপানকে ‘অহংকারী' বললেন মার্কিনহোস, জবাব দেওয়া হবে মাঠেই

আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:৪৬ এএম

জাপানি শিবিরের খোঁচা নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি মাথা ঘামাতে না চাইলেও, সেটিকে মোটেও হালকাভাবে নেয়নি সেলেসাও ড্রেসিংরুম। ব্রাজিলের ঐতিহ্য নিয়ে জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাইয়ের মন্তব্যকে সরাসরি ‘অহংকার’ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনহোস। একই সাথে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষের এই অতি-আত্মবিশ্বাস তাদের দলের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করছে।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম দল দুটি একে অপরের মুখোমুখি হচ্ছে।

ম্যাচের আগে জাপানের ২১ বছর বয়সী ফরোয়ার্ড কেন্তো শিওগাই ব্রাজিলকে ক্ষয়িষ্ণু পরাশক্তি আখ্যা দিয়ে বলেছিলেন, এবারের বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে "তেমন কিছু শোনার মতো নেই"।

এর জবাবে ব্রাজিলের স্পোর্টস মিডিয়া 'কাজে টিভি'-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিনহোস বলেন, "এই কথাগুলো আমাদের ড্রেসিংরুম পর্যন্ত পৌঁছেছে। আর এটা ভালোই হয়েছে, তারা যত বেশি কথা বলবে, আমাদের দল তত বেশি অনুপ্রাণিত হবে। আমরা গত এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অত্যন্ত নম্রতার সাথে কঠোর পরিশ্রম করছি। মাঠের বাইরের কথা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিলাম, তারা কথা বলতে থাকুক।"

বর্তমান ফুটবলের ভারসাম্য ও শক্তির সমতার কথা স্বীকার করলেও ব্রাজিলের ঐতিহ্যকে খাটো করে দেখায় জাপানের সমালোচনা করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। মার্কিনহোস বলেন,

"আজকের দিনে ফুটবল অনেকটাই ভারসাম্যপূর্ণ, এটা সত্য। এখানে বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে খেলতে হয়। তবে তারা (জাপান) যা বলেছে, তা এক প্রকার অহংকার। ব্রাজিল সবসময়ই একটি পরাশক্তি ছিল এবং এখনো আছে। আমাদের কাজ হলো মাঠে আমাদের শক্তি ও মান প্রমাণ করা। ম্যাচের প্রতিটি বল যে নিষ্পত্তিমূলক হতে পারে, তা আমাদের মাথায় আছে। আমরা কথা বলা বন্ধ রেখে মাঠেই এর জবাব দেব।"

কোচ আনচেলত্তির পর অধিনায়ক মার্কিনহোসের এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, জাপানের বিপক্ষে মাঠে নামার আগে মাঠের বাইরের এই কথার লড়াই সেলেসাওদের তাতিয়ে দিয়েছে বেশ ভালোভাবেই।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত