বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় কবি ভাস্কর চৌধুরী

বহুল আলোচিত দীর্ঘ কবিতা ‘নিরঞ্জন আমার বন্ধুর নাম’-এর রচয়িতা কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরীকে (৭৩) গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভবানীপুরের গ্রামের চাঁনহাজিপাড়ার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

গত রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। পরিবার নিয়ে তিনি ঢাকার উত্তর আদাবরের ঢাকা হাউজিং এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করতেন।

তার ছোট ভাই চক্ষু বিশেষজ্ঞ ডা. জিয়াউল আহসান জাকারিয়া মুক্তা জানান, রবিবার রাতে হাসপাতাল প্রাঙ্গণে প্রথম জানাজা এবং সোমবার ভোরে ঢাকার উত্তর আদাবরের ঢাকা হাউজিং জামে মসজিদে ভাস্কর চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াতের শেষ ইচ্ছা পূরণের জন্য বাবা ও মায়ের কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। গ্রামের বাড়ি ভবানীপুরে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আলমগীর স্বপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।