ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহোদর ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আহত মোশাররফ হোসেন বিদেশ ফেরত। সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছেন।
স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের বাগানে দুই ভাই মিলে একটি সুপারি গাছ কাটছিলেন। একপর্যায়ে গাছটি পাশে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত মোশাররফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।