ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে সিএনজি, আহত ৪

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:৩৪ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা সড়কের পাশের পুকুরে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকারহাট বাজারের পর ইদারা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হন।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াদ হাসান জানান, অতিরিক্ত গতির কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে পাঁচজন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রুবেল (৩৩) ও বজলু (৩০) চরফ্যাশনের বাসিন্দা। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত