ভোলার মনপুরায় ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা। রবিবার (২৮ জুন) রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম (৪৩) উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা ও সিরাজের স্ত্রী। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের বিয়ের জন্য সম্ভাব্য কনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন মনোয়ারা বেগম। পথে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনজিল মোরশেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার