এক চার্জে ১৫ দিন নকিয়ার ১১০ পাওয়ার মোবাইল

নকিয়ার চিরচেনা ফিচার ফোনের ঐতিহ্যকে আধুনিকরূপে ফিরিয়ে এনে বাংলাদেশে উৎপাদিত নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’ উন্মোচন করা হয়েছে। ফোনটি এক চার্জে ১৫ দিন চলবে। দাম ২ হাজার ৮৯৯ টাকা। মোবাইল ফোনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রীত মডেলগুলোর একটি নকিয়া ১১০। সেই পরিচিত ফোনটিই এবার নতুনরূপে ফিরেছে বাংলাদেশের বাজারে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং পরিচিত নকশার সমন্বয়ে উন্মোচন হয়েছে নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত দিনব্যাপী বিক্রয় প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফোনটির উন্মোচন করা হয়। এর আয়োজন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উৎপাদিত এই নতুন মডেলটি নকিয়ার ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। নতুন নকিয়া ১১০ পাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ এর শক্তিশালী ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকতে পারবে। ফলে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে ফোনটি। ফোনের যত ফিচার : ফোন দুই ইঞ্চি ডিসপ্লে, পেছনের ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ। নকিয়ার পুরনো ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, নতুন এই ফোনেও রাখা হয়েছে একসময়ের জনপ্রিয় স্নেক গেম। নকিয়া ১১০ পাওয়ার বাজারে আনা হয়েছে নীল, ধূসর ও বেগুনি এই তিনটি রঙে।

আপনার কেনা ফোনটি অরিজিনাল কিনা তা যাচাই করতে মোবাইল ফোনের আইএমইআই নম্বর লিখে ‘কণউ <স্পেস> ১৫ ডিজিটের ওগঊও নম্বর’ টাইপ করে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস ডিভাইসটির বৈধ বা নকলের তথ্য পাওয়া যাবে।