দুমকিতে বৃক্ষরোপণ ও ফল মেলা উদ্বোধন

পটুয়াখালী জেলার দুমকিতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার উদ্বোধন এবং গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি কৃষি প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ ও ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।