তহবিল থেকে কমিশন দাবির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের কাজ থেকে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে উপজেলা প্রশাসনের জন্যও ৫ শতাংশ কমিশনের কথা বলতে শোনা যায়।

শুক্রবার (২৬ জুন) পাওয়া ভিডিওতে সচিবকে বলতে শোনা যায়, সরকারি ভ্যাট-ট্যাক্স ১৭ শতাংশ, জামানত ৫ শতাংশ, তার জন্য ১০ শতাংশ ও উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশসহ মোট ৩৭ শতাংশ অর্থ রাখতে হবে।

এবিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার জানান, প্রায় সাড়ে ৬ লাখ টাকার উন্নয়ন কাজ নিয়ে পরিষদের সভায় আলোচনা চলাকালে সচিব আমিনুল ইসলাম ১০ শতাংশ কমিশন এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশ দাবি করেন।

এসময় উপস্থিত ইউপি সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, আগে কখনও এ ধরনের কমিশন নেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, তিনি এমন কোনো কথা বলেননি। তার দাবি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও হতে পারে।

এবিষয়ে বক্তব্য জানতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন কাজে এ ধরনের কমিশন নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত